মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের একটি কারখানায় বয়লার বিস্ফোরণে ৩০ বছর বয়সী এক বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। বিস্ফোরণে তার শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দ্য স্টার।
শনিবার (১১ জুলাই) স্থানীয় সময় সেলাঙ্গরের কাম্পুং তোক মুদার জালান জানাকুয়াসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি যুবকের বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশন সহকারী পরিচালক আশরুল রিজাল আসবার জানান, সকাল ৮টা ১৮ মিনিটে দুর্ঘটনার খবর পান তারা।
সংবাদ পাওয়ার পর কাপার ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে ৭ সদস্যের একটি উদ্ধারকারী দল অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী যান নিয়ে দ্রুত ঘটনাস্থলে যায়।
সেখানে পৌঁছে দমকলকর্মীরা পুরো শরীর গুরুতরভাবে দগ্ধ অবস্থায় বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করেন। পরে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা চিকিৎসাকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।
বয়লার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।