কুয়েতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। অভিযানে ৩ মার্কিন কর্মকর্তা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেছে বাহিনীটি।
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে রোববার (১২ জুলাই) এসব দাবি করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে হামলার বিস্তারিত তুলে ধরে তারা।
বিবৃতিতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানায়, ‘ড্রোনের মাধ্যমে চালানো নির্ভুল অভিযানে’ যুক্তরাষ্ট্রের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ইরানি বাহিনীর দাবি, হামলায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাগুলোর পাশাপাশি সেগুলোর সঙ্গে থাকা ক্ষেপণাস্ত্র পডও ধ্বংস হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ইরানে হামলার জন্য প্রস্তুত রাখা হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
একই অভিযানে ৩ মার্কিন কর্মকর্তা নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। তবে হতাহতের এই তথ্যের ক্ষেত্রে অনানুষ্ঠানিক সূত্রের কথা উল্লেখ করেছে তারা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক হামলা এবং গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অভিযানের সময় যুক্তরাষ্ট্রের স্বল্প-পাল্লার হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের দক্ষিণ উপকূলের কয়েকটি স্থানে আঘাত হানা হয়েছিল।
ইরানের এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র কিংবা কুয়েত কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে কুয়েত জানিয়েছিল, দেশটির উত্তরাঞ্চলে ৩টি স্থল সীমান্ত চৌকি এবং কুয়েত অয়েল কোম্পানি পরিচালিত একটি উপকূলের বাইরের তেল খনন প্ল্যাটফর্মে হামলা হয়েছে। এসব ঘটনায় অবকাঠামোর ক্ষতি হওয়ার পাশাপাশি ১ কর্মী আহত হয়েছেন।
তবে ওই হামলাগুলোর জন্য কারা দায়ী, সে বিষয়ে কুয়েত কর্তৃপক্ষ কিছু জানায়নি।