Skip to main content

Ridge Bangla

বন্যা-পাহাড়ধসে জীবন ও সম্পদ রক্ষায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ

অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করে পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে বলেছেন তিনি।

রোববার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুমের মাধ্যমে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সভায় দেশের ৮ বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের উপমহাপরিদর্শক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

কর্মকর্তারা নিজ নিজ এলাকার জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি, ক্ষয়ক্ষতি, আশ্রয়কেন্দ্রের অবস্থা, উদ্ধার তৎপরতা, ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান।

প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণসামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসাসেবা পৌঁছে দিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা এবং বিদ্যুৎ ও যোগাযোগ সুবিধা সচল রাখার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

বিশেষভাবে নারী, শিশু, প্রবীণ ব্যক্তি, প্রতিবন্ধী ও গর্ভবতী নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যেন চুরি, ডাকাতি, মজুতদারি, ত্রাণ আত্মসাৎ বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ত্রাণ বিতরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি, স্থানীয় প্রশাসনের কার্যক্রম এবং উদ্ধার তৎপরতায় বিভিন্ন সংস্থার সমন্বয়ের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নদ-নদীর পানির স্তর ও আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত পর্যবেক্ষণের বিষয়ও আলোচনায় উঠে আসে।

চট্টগ্রাম থেকে সভায় যুক্ত কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে জলাবদ্ধতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় সিলেট অঞ্চলের পরিস্থিতির অবনতি হচ্ছে। একই সঙ্গে রংপুর বিভাগে নতুন করে জলাবদ্ধতা তৈরির আশঙ্কা রয়েছে।

এসব তথ্য জানার পর সম্ভাব্য সব ধরনের ঝুঁকি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখা এবং জনগণের পাশে থেকে সমন্বিতভাবে কাজ করতেও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন তিনি।

This post was viewed: 28

আরো পড়ুন