Ridge Bangla

বেড়াতে গেলেন শ্বশুরবাড়িতে, পুকুরে মিলল যুবকের মরদেহ

পাবনায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে তুহিন খা (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। একটি পুকুর থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ পূর্বপাড়া লালগোলা এলাকার একটি মসজিদের পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তুহিন খা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের হাবিবুর রহমান ওরফে হাবি খার ছেলে। তার শ্বশুর আবতার হোসেন নলদহ লালগোলা এলাকার বাসিন্দা ও দুবাইপ্রবাসী। তুহিনের স্ত্রীর নাম আফসানা খাতুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার তুহিন শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। সন্ধ্যার দিকে স্ত্রী আফসানার সঙ্গে তার ঝগড়া হয়। শনিবার সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তুহিনের মরদেহ উদ্ধার করে। এ সময় তার গলায় গামছা পেঁচানো ছিল।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তুহিন রাতে মসজিদের বারান্দায় আত্মহত্যা করেছেন। রাত ২টার দিকে আমরা খবর পাই। ঘটনাস্থলে যাওয়ার পর মরদেহ খুঁজে পাওয়া যায়নি। পরে সকালে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।’

তিনি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করা হবে। এরপরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

This post was viewed: 4

আরো পড়ুন