Ridge Bangla

সাবেক যুবদল নেতাকে কুপিয়ে জখম, হাতের কবজি বিচ্ছিন্ন

চুয়াডাঙ্গায় যুবদলের সাবেক নেতা জাহিন শেখকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় তার বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া দুই পায়ের তালু থেকে গোড়ালি পর্যন্ত মারাত্মক জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের হোমিওপ্যাথি কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত জাহিন শেখ (৪০) চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ গ্রামের রজব আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে হোমিওপ্যাথি কলেজ এলাকার কাছে একদল দুর্বৃত্ত জাহিন শেখের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, রোগীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ক্ষত হয়েছে। তার বাঁ হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া দুই পায়ের তালু থেকে গোড়ালি পর্যন্ত মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হামলায় জাহিন শেখের একটি হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত দুজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন