নাটোরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এক নবজাতকের মৃত্যুকে ঘিরে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনেরা। ঘটনার পর ক্ষুব্ধ স্বজনেরা চিকিৎসাকেন্দ্রে ভাঙচুর চালিয়েছেন। কর্তব্যরত এক চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগও পাওয়া গেছে।
রোববার (১২ জুলাই) দুপুরে শহরের আলাইপুরে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নবজাতকের পরিবার জানায়, নাটোর সদর উপজেলার আগদিঘা পশ্চিমপাড়া গ্রামের রিকশাচালক বাবু হোসেনের স্ত্রী রুমি বেগমকে (২০) প্রসব বেদনা নিয়ে রোববার সকাল ৭টার দিকে কেন্দ্রে ভর্তি করা হয়। সকাল ৮টার দিকে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। তবে জন্মের কিছু সময় পর নবজাতকটির মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, প্রসবকালীন ও জন্মের পর শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়নি। নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলেও দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সরা দ্রুত ব্যবস্থা নেননি। সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের।
প্রসবের সময় ইতি রানী মণ্ডল নামে একজন কর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
নবজাতকের মৃত্যুর খবর জানাজানি হলে স্বজনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত স্বজনেরা কেন্দ্রের কয়েকটি জানালার কাঁচ ভেঙে ফেলেন। এ সময় দায়িত্বে থাকা এক চিকিৎসকের ওপরও তারা চড়াও হন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার বিষয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অতিরিক্ত দায়িত্বে থাকা আবাসিক চিকিৎসক ডা. মিজানুর রহমান তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হলে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
নাটোর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আনোয়ারুল আজিম বলেন, তদন্ত করতে গিয়ে বিভাগের একজন কর্মকর্তা হামলার শিকার হয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।