ব্রাজিলকে বিদায় করে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল নরওয়ে। সেই ম্যাচে এক গোল করা আর্লিং হালান্ড আজ (রোববার) কোয়ার্টার ফাইনালে ছিলেন একেবারেই নিষ্প্রভ। উল্টো তার অপ্রয়োজনীয় এক ফাউলের কারণে বাতিল হয়েছে নরওয়ের একটি গোল। বিপরীতে জুড বেলিংহ্যামের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই নরওয়েকে চেপে ধরে ইংল্যান্ড। তবে প্রথমে গোলের খাতা খোলে হালান্ডের দল। যদিও তাদের লিড টিকেছিল মাত্র ১১ মিনিট। বিরতির আগমুহূর্তে সমতায় ফেরে ইংলিশরা। নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন ১-১ থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন বেলিংহ্যাম।
প্রথমার্ধে বল দখলে বেশ পিছিয়ে ছিল নরওয়ে। তবে বিরতির পর ধীরে ধীরে পজেশন নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা। শেষ পর্যন্ত ৫২ শতাংশ বলের দখল রেখে ১৩টি শট নেয় প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। বিপরীতে ইংল্যান্ডের ১৪ শটের আটটিই ছিল লক্ষ্যে।
রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা বেলিংহ্যাম এখন পর্যন্ত টুর্নামেন্টে ছয় গোল করে জাতীয় দলের সতীর্থ হ্যারি কেইনের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন। আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আটটি করে গোল নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও আর্জেন্টিনার লিওনেল মেসি। সাত গোল করেছেন আর্লিং হালান্ড। এর আগে শেষ ষোলোতে সহ-আয়োজক মেক্সিকোকে হারানোর ম্যাচেও জোড়া গোল করেছিলেন বেলিংহ্যাম।
ম্যাচের ৩৬তম মিনিটে নরওয়ের হয়ে গোল করেন আন্দ্রেয়াস শেলদেরুপ। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা নরওয়ের ‘ভাইকিং রো’ উদযাপন এবং ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার স্ট্রাইকার আর্লিং হালান্ডের দাপুটে পারফরম্যান্স পুরো টুর্নামেন্টজুড়ে ব্যাপক আলোচনায় ছিল।
ম্যানচেস্টার সিটির এই তারকা সাত গোল করে গোল্ডেন বুটের দৌড়ে থাকলেও বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো ম্যাচে গোল করতে পারেননি। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে তাকে তুলে নিয়ে মাঠে নামানো হয় ইয়র্গেন স্ট্রান্ড লারসেনকে।
এর আগে ৫৬তম মিনিটে প্রায় ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল নরওয়ে। কর্নার থেকে আসা বল গোলরক্ষক জর্ডান পিকফোর্ড প্রতিহত করলে ফিরতি শটে জালে জড়ান টরবিয়র্ন হেগেম। তবে ভিডিও রিভিউ শেষে বক্সের ভেতরে হালান্ডের ফাউলের কারণে গোলটি বাতিল করা হয়। অপ্রয়োজনীয়ভাবে ইলিয়ট অ্যান্ডারসনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন তিনি। প্রথমার্ধেও পয়েন্ট-ব্ল্যাঙ্ক হেড থেকে হালান্ডের গোলের প্রচেষ্টা অনায়াসে ঠেকিয়ে দেন পিকফোর্ড।
টুর্নামেন্টে মাত্র দ্বিতীয়বারের মতো শুরুর একাদশে সুযোগ পাওয়া শেলদেরুপের শট ডান পাশের পোস্টে লেগে জালে জড়ায়। ততক্ষণ পর্যন্ত বলের দখলে আধিপত্য বিস্তার করছিল ইংল্যান্ড।
বিরতির আগমুহূর্তে যোগ করা সময়ে কয়েকজনকে কাটিয়ে গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে বল জালে পাঠিয়ে সমতা ফেরান বেলিংহ্যাম। তার সমতাসূচক গোলের ঠিক আগে নরওয়ের একটি গোল কিক থেকে আসা বল মাঠে পড়ার আগে আকাশে ঝুলন্ত ক্যামেরার তারে স্পর্শ করেছে বলে মনে হয়। নিয়ম অনুযায়ী, বলটি তারে লেগেছে বলে শনাক্ত হলে খেলা থামিয়ে ড্রপ বলের মাধ্যমে পুনরায় খেলা শুরু হওয়ার কথা ছিল।
নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে দলের ও ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন বেলিংহ্যাম। মরগান রজার্সের শট নরওয়ের গোলরক্ষক নিলান্ড সহজেই ধরে ফেলবেন বলে মনে হচ্ছিল। কিন্তু বলটি তার হাত ফসকে বেরিয়ে যায়। প্রতিপক্ষের ভুলের অপেক্ষায় থাকা বেলিংহ্যাম ক্ষিপ্রতার সঙ্গে এগিয়ে গিয়ে ফিরতি বলে পা ছুঁইয়ে জালে পাঠান।
শেষ দিকে নরওয়ে মরিয়া হয়ে উঠলেও আর ম্যাচে ফিরতে পারেনি।