Ridge Bangla

যাত্রাবাড়ীতে বৃদ্ধাকে হত্যা, বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা লুট

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা দনিয়া এলাকায় শাহিদা বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। তার বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগও পাওয়া গেছে।

রোববার (১২ জুলাই) দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু।

তিনি জানান, শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৭টার মধ্যে কোনো এক সময় দনিয়া কলেজ এলাকার অনাবিল হাসপাতাল রোডে একটি নির্মাণাধীন ৭ তলা ভবনের পশ্চিম পাশের ফ্ল্যাটে ওই নারীকে হত্যা করা হয়ে থাকতে পারে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের একটি চিহ্ন পাওয়া গেছে।

মোহাম্মদ রাজু আরও জানান, হত্যাকাণ্ডে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটি ডাকাতি নাকি দস্যুতার সঙ্গে সংশ্লিষ্ট, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাসা আমরা এলোমেলো পেয়েছি। এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে কিছুই বলা যাচ্ছে না আমরা বিভিন্ন বিষয় চিন্তা করে তদন্ত করছি এবং আমাদের কয়েকটি টিম অভিযান পরিচালনা করছে। সিআইডির ফরেনসিক টিম আলামত সংগ্রহ করেছে।’

পুলিশের একটি সূত্র জানায়, অনাবিল হাসপাতাল রোডের নির্মাণাধীন ভবনের ৭ তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে ভাড়া থাকতেন শাহিদা বেগম। বিকেল থেকে সন্ধ্যার পর কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তিরা তার বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করে।

সূত্রটির তথ্য অনুযায়ী, হত্যার পর বাসায় থাকা ২ সেট স্বর্ণের কানের দুল, ১টি গলার চেইন ও ৫০০০ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহত শাহিদা বেগমের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার সীতলাই গ্রামে। তিনি মৃত শফিকুল ইসলাম সরকারের স্ত্রী।

This post was viewed: 4

আরো পড়ুন