বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বাংলাদেশি নাগরিকদের মধ্যে দেশটির সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।
শনিবার (১১ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস এ বিষয়ে তাদের অবস্থান জানায়।
দূতাবাস জানায়, ‘যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি আমাদের দায়িত্ব হলো অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান তা নিশ্চিত করা।’
এতে আরও বলা হয়, ‘স্মরণ করিয়ে দেওয়া যাচ্ছে যে, গত ২১ জানুয়ারি, ২০২৬ তারিখে ডিপার্টমেন্ট বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করে, কারণ বাংলাদেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি।’
মার্কিন দূতাবাস জানিয়েছে, এ স্থগিতাদেশের মাধ্যমে যাচাই ও বাছাইসংক্রান্ত নীতিমালা এবং প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে পর্যালোচনার সুযোগ পাওয়া যাবে। এর লক্ষ্য এসব নীতি ও প্রক্রিয়ায় আমেরিকানদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া।
তবে এ সিদ্ধান্ত অনভিবাসী ভিসার ক্ষেত্রে কার্যকর নয়। পর্যটক ও শিক্ষার্থী ভিসাও এ স্থগিতাদেশের আওতায় পড়বে না।