Ridge Bangla

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্ধক্যজনিত অসুস্থতায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জমির উদ্দিন সরকার।

প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ মুহাম্মদ জমির উদ্দিন সরকার ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন। ২০০২ সালে রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন।

বিএনপির প্রতিষ্ঠালগ্নের অন্যতম নেতা জমির উদ্দিন সরকার দীর্ঘদিন দলটির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৩১ সালের ১ ডিসেম্বর তৎকালীন জলপাইগুড়ি জেলার বর্তমান পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মৌলভী আলী বক্স ও মা বেগম ফখরুন্নেছা।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন জমির উদ্দিন সরকার। ১৯৬০ সালে আইন পেশায় যোগ দেন তিনি। পরের বছর যুক্তরাজ্যে গিয়ে লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।

দেশে ফিরে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইন নিয়ে আইন পেশায় যুক্ত ছিলেন তিনি।

ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবনের শুরু হয় জমির উদ্দিন সরকারের। পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখেন। বিএনপি প্রতিষ্ঠার পর দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হন।

রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিভিন্ন সময়ে ভূমি, শিক্ষা, আইন, বিচার ও সংসদবিষয়কসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন জমির উদ্দিন সরকার। ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত তিনি এ পদে ছিলেন। সংসদ পরিচালনায় নিরপেক্ষতা, সংসদীয় রীতিনীতি অনুসরণ ও সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য তিনি পরিচিত ছিলেন।

২০০২ সালের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি।

আইন ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও জমির উদ্দিন সরকারের আগ্রহ ছিল। আন্তর্জাতিক আইন, সমুদ্র আইন, জাতিসংঘ এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে একাধিক গ্রন্থ রচনা করেছেন তিনি।

নিজ জন্মভূমি পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষাক্ষেত্রেও অবদান রাখেন সাবেক এই স্পিকার।

ব্যক্তিগত জীবনে বেগম নুর আখতারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জমির উদ্দিন সরকার। তাদের ১ মেয়ে ও ২ ছেলে রয়েছে। তার দুই ছেলে আইন পেশায় যুক্ত এবং ব্যারিস্টার হিসেবে সুপ্রিম কোর্টে আইন চর্চা করছেন।

বাংলাদেশের আইন, সংসদীয় গণতন্ত্র ও রাজনীতিতে দীর্ঘ কর্মজীবনে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিকাশ এবং সংসদীয় গণতন্ত্রের চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার।

This post was viewed: 7

আরো পড়ুন