চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ বিতরণ এবং পানিবন্দিদের উদ্ধারে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
রোববার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান এ আহ্বান জানান।
বিবৃতিতে নেতারা বলেন, টানা অতিবৃষ্টি ও বন্যায় চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে করুণ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পাহাড়ধসে প্রাণহানির ঘটনাও ঘটেছে। অসংখ্য মানুষ ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন।
হেফাজতে ইসলামের নেতাকর্মী, আলেম-ওলামা ও দেশের সামর্থ্যবান মানুষকে পর্যাপ্ত ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সংগঠনটির নেতারা।
পাশাপাশি দুর্গত মানুষের কাছে ত্রাণসহায়তা পৌঁছে দেওয়া এবং পানিবন্দিদের উদ্ধারে প্রয়োজনীয় সরঞ্জাম ও সহায়তা নিশ্চিত করতে সরকারের আরও সক্রিয় ভূমিকা দাবি করেন তারা।
বিবৃতিতে আরও বলা হয়, প্রাকৃতিক দুর্যোগ মানুষের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। এ সময় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করা সবার কর্তব্য। একই সঙ্গে আল্লাহর রহমত কামনায় বেশি বেশি ইস্তিগফার ও তওবা করারও আহ্বান জানান হেফাজত নেতারা।