খাদ্যপণ্যের বাণিজ্য সহজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান সরকার। এ লক্ষ্যে শিগগিরই দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
রোববার (১২ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান অসিম আজিম সিদ্দিকি সম্প্রতি বাংলাদেশ সফর করেন। তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে বাংলাদেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।
অসিম আজিম সিদ্দিকি এক্সপ্রেস ট্রিবিউনকে বলেছেন, পাকিস্তান বাংলাদেশে চাল, মসুর ডাল, ছোলা, সার ও ভোজ্যতেল রপ্তানি করতে চায়। অন্যদিকে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানিতে আগ্রহী দেশটি। পাকিস্তানে এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।
আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশকে ভালো দামে পণ্য সংগ্রহে সহযোগিতার প্রস্তাবও দিয়েছে পাকিস্তান। অসিম আজিম সিদ্দিকি এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান যৌথ কর্মগোষ্ঠীর কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। এর অংশ হিসেবে আরও বাণিজ্য প্রতিনিধিদল বিনিময় এবং কৃষি ও শিল্প খাতে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত হয়েছে।
এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত সমঝোতা স্মারক সই হলে দুই দেশের মধ্যকার বাণিজ্য বাধা দূর হবে। পাশাপাশি উভয় সরকারের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হবে, যা ব্যবসা সহজ করতে ভূমিকা রাখবে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই চুক্তি দেখাচ্ছে, বাংলাদেশ ও পাকিস্তান সাধারণ সম্পর্ক থেকে এখন খাদ্য সরবরাহের মতো সহযোগিতামূলক সম্পর্কের দিকে এগোচ্ছে।