Ridge Bangla

চীনে সুপার টাইফুন বাভির আঘাত, সরানো হলো ২০ লাখ মানুষ

চীনে আঘাত হেনেছে ঘণ্টায় ২৯০ কিলোমিটার গতির সুপার টাইফুন বাভি। এক সপ্তাহের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয় টাইফুনের আঘাত। ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

রোববার (১২ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, টাইফুনের প্রভাবে উপকূলীয় এলাকা থেকে প্রায় ২০ লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় উপকূলীয় শহর তাইঝৌতে প্রথম আঘাত হানে বাভি। পরে মধ্যরাতের দিকে ওয়েনঝৌতে তীব্র তাণ্ডব চালায় টাইফুনটি।

চীনে পৌঁছানোর আগে জাপানের কয়েকটি প্রত্যন্ত দ্বীপে প্রবল আঘাত হানে বাভি। এরপর তাইওয়ানের উত্তর প্রান্ত ঘেঁষে অগ্রসর হওয়ার সময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত হয়।

ঝড়ের প্রভাবে সৃষ্ট ভূমিধসে ফিলিপাইনে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার পূর্ব ঝেজিয়াং ও উত্তর-পূর্ব ফুজিয়ান প্রদেশে বাভির প্রভাবে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত হতে পারে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ঝেজিয়াং থেকে ১৭ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকেও আরও কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

ঝেজিয়াংয়ে স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ৪০০টি উড়োজাহাজের যাত্রা এবং কয়েক ডজন ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।

গত সোমবার সুপার টাইফুন হিসেবে ঘণ্টায় ২৯০ কিলোমিটার গতিতে গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জে প্রথম আঘাত হানে বাভি।

পরে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সময় ঝড়টির বাতাসের গতি কমে ঘণ্টায় ১৪৪ কিলোমিটারে নেমে আসে। এরপর জাপানের মূল ভূখণ্ড ও তাইওয়ানের মধ্যবর্তী রিউকিউ দ্বীপপুঞ্জের অংশ সাকিশিমা দ্বীপপুঞ্জে আঘাত হানে টাইফুনটি।

This post was viewed: 3

আরো পড়ুন