মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে ইরান। জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটি ও কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।
রোববার (১২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের মহাকাশ বাহিনী ওই ঘাঁটির একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং এমকিউ-৯ ড্রোন রাখার হ্যাঙ্গারগুলো ধ্বংস করে দিয়েছে।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর পৃথক আরেক বিবৃতিতে কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালানোর কথা জানানো হয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, হামলায় ঘাঁটিটির একটি যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র এবং একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়েছে।
এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটির ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতে উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা বেড়েছে। হরমুজ প্রণালিতে ইরানের কার্যকর অবরোধের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপও বেড়েছে।
নভেম্বরের আগাম নির্বাচনের আগে এ পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সংবেদনশীল হয়ে উঠেছে।
ইরান জানিয়েছে, কয়েকটি জাহাজ একটি ‘অননুমোদিত পথে’ নৌপথ অতিক্রমের চেষ্টা করেছিল। গতিপথ পরিবর্তনের জন্য বার্তা দেওয়া হলেও জাহাজগুলো তা উপেক্ষা করে।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
মার্কিন কেন্দ্রীয় কমান্ডের তথ্য অনুযায়ী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতির প্রায় ১ ঘণ্টা পর শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র।
ইরান এর আগে বলেছিল, কন্টেইনার জাহাজে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে ‘শত্রুদের নতুন ঘাঁটি’ লক্ষ্যবস্তু করা হবে।
মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই এ হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।