ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় ২ শিশুসহ ১২ জন আহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) কিয়েভের মেয়র আহতদের বিষয়ে এ তথ্য জানিয়েছেন।
কিয়েভে অবস্থানরত বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানান, শনিবার সকালে তিনি ২টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। প্রথম বিস্ফোরণের কয়েক মিনিট পর দ্বিতীয়টি ঘটে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া রাতভর নতুন করে ১২০টি ড্রোন ও ১২টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ৬টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
জেলেনস্কির তথ্য অনুযায়ী, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন এবং ৬টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা যায়নি।
তিনি বলেন, সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার আগেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো বেসামরিক অবকাঠামোতে আঘাত হানে।
জেলেনস্কি জানিয়েছেন, হামলায় রাজধানী কিয়েভের অ্যাপার্টমেন্ট ভবন, কার্যালয় ও একটি ধর্মীয় স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সামি শহরের মেয়র জানিয়েছেন, সেখানে আকাশ থেকে ছোড়া বোমার হামলায় এক মেয়েশিশুসহ ৪ জন নিহত হয়েছেন।
অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় ওডেশায় ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও ২ জনের মৃত্যু হয়েছে।