Ridge Bangla

ভারতে আয়রন ডোমের ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা ইসরায়েলের

ভারতে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিরোধী ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল। এ লক্ষ্যে দেশটির সরকারি প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম ভারতে একটি কারখানা স্থাপন করতে পারে।

শুক্রবার (১০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রস্তাবিত কারখানায় তামির ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে। আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। আকাশে থাকা অবস্থায় গোলা বা আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এগুলো ব্যবহার করা হয়।

একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, ভারতে উৎপাদিত তামির ক্ষেপণাস্ত্র অন্য দেশেও রপ্তানি করতে পারবে ইসরায়েল।

সূত্রটির তথ্য অনুযায়ী, ভারতে তুলনামূলক কম খরচে এসব ক্ষেপণাস্ত্র উৎপাদন করা সম্ভব হবে। একই সঙ্গে প্রয়োজনের সময় ভারত থেকে অতিরিক্ত ক্ষেপণাস্ত্র সংগ্রহের সুযোগ পাবে ইসরায়েল।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েল সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন তিনি। আলোচনায় প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয় উঠে আসে।

আরেকটি সূত্র জানিয়েছে, ভারতে ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনাটি এখন চূড়ান্ত হওয়ার কাছাকাছি রয়েছে। যৌথভাবে যুদ্ধাস্ত্র উৎপাদন এবং নতুন প্রজন্মের সমরাস্ত্র উদ্ভাবন এ উদ্যোগের লক্ষ্য।

এ পরিকল্পনার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে অস্ত্র সরবরাহ নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। ভারত অথবা ইসরায়েলের জরুরি অস্ত্রের প্রয়োজন হলে যৌথভাবে উৎপাদিত অস্ত্র একে অপরের কাছ থেকে সংগ্রহ করতে পারবে।

This post was viewed: 4

আরো পড়ুন