২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি চান, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই এবার বিশ্বকাপের শিরোপা জিতুক। তবে লিওনেল মেসির কারণে নয়, ভিন্ন একটি কারণে দলটির পাশে রয়েছেন তিনি।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ইসরাইলি কৌতুকশিল্পী বেন বেন বারুচের সঞ্চালনায় ‘দ্য মোজো পডকাস্টে’ দেওয়া সাক্ষাৎকারে নিজের সমর্থনের কথা জানান নেতানিয়াহু। গত বৃহস্পতিবার (৯ জুলাই) ওই সাক্ষাৎকারের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সাক্ষাৎকারে সঞ্চালক জানতে চান, লিওনেল মেসির কারণেই কি তিনি আর্জেন্টিনাকে সমর্থন করছেন? জবাবে নেতানিয়াহু বলেন, ‘না, মেসির কারণে নয়। বরং দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের কারণে, তিনি একজন সুপারস্টার।’
আর্জেন্টিনার প্রেসিডেন্টের প্রশংসা করে নেতানিয়াহু আরও বলেন, ‘তিনি একজন তারকা, সত্যিই একজন সুপারস্টার। মুক্ত অর্থনীতি গ্রহণের মাধ্যমে তিনি এটি প্রমাণ করেছেন। মিলেই ইসরাইলের একজন ঘনিষ্ঠ বন্ধু।’
এদিকে শিরোপা ধরে রাখার লড়াইয়ে এগিয়ে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপে ইতোমধ্যে শেষ আটে জায়গা করে নিয়েছে দলটি।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাসে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা।