Ridge Bangla

দেশে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

সরকারি পর্যায়ে দেশে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলের অধিকসংখ্যক রোগীকে যেন চিকিৎসার জন্য ঢাকায় আসতে না হয়, সে লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর শয্যা বাড়ানোর পাশাপাশি চিকিৎসাসেবার মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার।

এ সময় জ্যেষ্ঠ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে গিয়ে রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের ৫১ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।

এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রী। তার আগমন ঘিরে সকাল থেকেই হাসপাতাল ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় ২টি ছাত্রী হোস্টেল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

This post was viewed: 6

আরো পড়ুন