জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চিকিৎসকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গ্রাম থেকে অধিকসংখ্যক রোগীকে যেন চিকিৎসার জন্য ঢাকায় আসতে না হয়, সে জন্য জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর শয্যাসংখ্যা বাড়ানোর পাশাপাশি সেবার মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার।
এ সময় জ্যেষ্ঠ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে গিয়ে রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে পৌঁছান তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকাল থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশে যাত্রা করে। শহীদ মিনার এলাকায় পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে স্লোগান ও শুভেচ্ছার মাধ্যমে তাকে স্বাগত জানান।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্পের’ আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।