Skip to main content

Ridge Bangla

শ্রীনগরে ২৪ লাখ টাকার সয়াবিন তেল লুট, ২৪ ঘণ্টায় উদ্ধারসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে লুট হওয়া ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল ও একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে পুলিশ। একই অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ এবং আন্তঃজেলা ডাকাতচক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া তেলের অধিকাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে।

পুলিশ জানায়, গত ৯ জুলাই দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাট এলাকা থেকে ৬৬৫ কার্টনে ১১ হাজার ৯৭০ লিটার সয়াবিন তেল নিয়ে একটি কাভার্ডভ্যান যশোরের উদ্দেশে রওনা হয়। এসব তেলের বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা।

রাত সাড়ে ৪টার দিকে কাভার্ডভ্যানটি শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপাড়া ওভারব্রিজসংলগ্ন ঢাকা-মাওয়া সার্ভিস রোডে পৌঁছায়। এ সময় একটি পিকআপে থাকা ৭ থেকে ৮ জনের সংঘবদ্ধ ডাকাতদল গাড়িটির পথ আটকায়।

পরে কাভার্ডভ্যানের চালক আকিব হাসান জয় ও সহকারী নাহিদ হাসানকে জিম্মি করে পিকআপে তুলে নেয় ডাকাতরা। তাদের হাত, চোখ ও মুখ বেঁধে কেয়টখালী এলাকায় ফেলে দেওয়া হয়। এরপর তেলবোঝাই কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যায় ডাকাতদল।

এ ঘটনায় মো. আফছার উদ্দিন শ্রীনগর থানায় মামলা করেন। এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ।

অভিযানের একপর্যায়ে বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কান্দাপাড়া এলাকা থেকে আব্দুল গনি মিয়া (২৮) ও অভি রহমানকে (২৮) গ্রেফতার করা হয়। পুলিশ তাদের আন্তঃজেলা ডাকাতচক্রের সদস্য বলে জানিয়েছে।

গ্রেফতারের সময় ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ, লুট হওয়া কাভার্ডভ্যান এবং ৯ কার্টন সয়াবিন তেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানান, লুট করা তেলের বড় একটি অংশ বগুড়ার শেরপুর উপজেলার বেলঘড়িয়া বাজারের একটি ভাড়া নেওয়া গোডাউনে রাখা হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫৮৫ কার্টন সয়াবিন তেল উদ্ধার করে পুলিশ।

একই অভিযানে স্থানীয়ভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত ইমরান হোসেন নামে এক ব্যক্তির বাড়ির নিচতলার গোডাউনে তল্লাশি চালানো হয়। সেখান থেকে আরও ৫৮ কার্টন ও অতিরিক্ত ৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

পুলিশের হিসাবে, সব মিলিয়ে ৬৫২ কার্টনে মোট ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার হয়েছে। পাশাপাশি লুট হওয়া কাভার্ডভ্যান এবং ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।

গ্রেফতার আব্দুল গনি মিয়া রাঙ্গামাটির লংগদু উপজেলার মুর্শিদাবাদ এলাকার মৃত কুদরত আলীর ছেলে। তিনি ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় বসবাস করতেন। অপর আসামি অভি রহমান ঢাকার কদমতলী এলাকার রাজন বেপারীর ছেলে এবং একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, আন্তঃজেলা ডাকাতচক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেফতার ও পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করতে অভিযান চলছে।

This post was viewed: 23

আরো পড়ুন