গোপালগঞ্জ শহরের একটি কুরিয়ার সেবার কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় ৭১ হাজার নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
শনিবার (১১ জুলাই) দুপুরে শহরের বিসিক ব্রিজ এলাকায় অবস্থিত ওই কুরিয়ার কার্যালয়ে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি দল সেখানে তল্লাশি চালায়। এ সময় ৬টি কার্টনে রাখা দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
বিভিন্ন দোকানে সরবরাহের জন্য একাধিক জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে এসব সিগারেট পাঠানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। সিগারেটগুলো নিতে আসা ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যান।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
This post was viewed: 23