গাজীপুরের শ্রীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি মাইক্রোবাস ও একটি ব্যানার জব্দ করা হয়।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার শ্রীপুর-সাতখামাইর আঞ্চলিক সড়কের দুর্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ময়মনসিংহ জেলার পাগলা থানার দক্ষিণ হারিনা গ্রামের মো. সামসুলের ছেলে মো. রাজু (২৩), একই গ্রামের মো. রফিকের ছেলে মো. তানজিম (১৪), গাভী শিমুল গ্রামের মো. চান মিয়ার ছেলে মো. ওয়ালি ইসলাম (৩২), কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার মাদাখোলা গ্রামের মো. আলমগীরের ছেলে মো. রাব্বি (১৯), চর বিশ্বনাথপুর গ্রামের মো. ফরিদের ছেলে মো. ইমন (২০) এবং একই গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে মো. মোবারিছ (২০)।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজের পর ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা থেকে একটি বাস এবং ২টি মাইক্রোবাসে করে একদল ব্যক্তি দুর্লভপুর এলাকায় আসেন। সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা করা হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বরমী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রনি আকন্দ জানান, খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। তাদের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা পালানোর চেষ্টা করেন। এ সময় একটি বাস ও একটি মাইক্রোবাস দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়। তবে অপর একটি মাইক্রোবাসসহ ৬ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শ্রীপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ছয়জনকে থানায় আনা হয়েছে। ককটেল বিস্ফোরণসহ ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।