Skip to main content

Ridge Bangla

যুক্তরাষ্ট্রের চাপে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান স্থগিত ইসরায়েলের

যুক্তরাষ্ট্রের চাপের মুখে দক্ষিণ লেবাননে চলমান ‘সংবেদনশীল সামরিক অভিযান’ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে অঞ্চলটির প্রথম পরীক্ষামূলক এলাকা থেকে আগামী কয়েক দিনের মধ্যে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হতে পারে।

শনিবার ইসরায়েলি গণমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইসরায়েল ও লেবাননের মধ্যে আলোচনা এগিয়ে নিতে ওয়াশিংটনের প্রচেষ্টার মধ্যে এক মার্কিন কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননে পরীক্ষামূলক হিসেবে চিহ্নিত ২টি এলাকার প্রথমটি থেকে ইসরায়েলি সেনা সরানোর প্রক্রিয়া আগামী কয়েক দিনের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে।

গত মাসে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত একটি রূপরেখা চুক্তির আওতায় দক্ষিণ লেবাননের ২টি ছোট এলাকা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয় ইসরায়েল। হিজবুল্লাহর অবকাঠামোমুক্ত এসব এলাকায় পরে লেবাননের সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করার কথা রয়েছে।

তবে চুক্তির ২ সপ্তাহ পার হলেও পরীক্ষামূলক এলাকা হিসেবে নির্ধারিত ২টি স্থানেই এখনো ইসরায়েলি বাহিনী অবস্থান করছে।

আগামী সপ্তাহে রোমে ইসরায়েল ও লেবাননের পরবর্তী দফার আলোচনার সূচি নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। মূল চুক্তির ভিত্তিতে আরও অগ্রগতি নিশ্চিত করাই এই আলোচনার লক্ষ্য।

তবে বিষয়টি সম্পর্কে অবগত এক আরব কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল সম্মত সেনা প্রত্যাহার শেষ না করা পর্যন্ত আলোচনায় অংশ নেবে না বলে স্পষ্ট করেছে বৈরুত।

পরীক্ষামূলক এলাকা থেকে ইসরায়েলি সেনা সরাতে যুক্তরাষ্ট্রের চাপ সীমিত হলেও কিছু অগ্রগতি এনেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন কর্মকর্তা বলেন, ‘প্রথম পাইলট জোনের কার্যক্রম আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হবে এবং পরবর্তী পাইলট জোনগুলোর মানচিত্র তৈরি ও পরিকল্পনা করা হচ্ছে। এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে উভয় দেশের সাথে সমন্বয় করছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।’

আরব কর্মকর্তা জানান, প্রথমে মার্কিন কেন্দ্রীয় কমান্ড প্রথম পরীক্ষামূলক এলাকাটিকে লেবাননের সশস্ত্র বাহিনী মোতায়েনের উপযুক্ত ঘোষণা করবে। এরপরই সেখান থেকে পিছু হটবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

প্রথম এলাকা থেকে সেনা প্রত্যাহার ‘আগামী কয়েক দিনের মধ্যে’ শুরু হওয়ার কথা বলা হলেও সুনির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি। দ্বিতীয় পরীক্ষামূলক এলাকা থেকে সেনা সরানোর সময়সীমাও এখনো স্পষ্ট নয়।

This post was viewed: 21

আরো পড়ুন