Skip to main content

Ridge Bangla

আঞ্চলিক উত্তেজনার মধ্যে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় আঞ্চলিক নিরাপত্তা, সমুদ্রপথে চলাচল এবং যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যোগাযোগ নিয়ে আলোচনা করেন তারা।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ফোনালাপে দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতা ও বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদারের উপায় পর্যালোচনা করেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়েও মতবিনিময় হয়।

মোহাম্মদ বিন সালমান ও ডোনাল্ড ট্রাম্প সমুদ্রপথে চলাচলের নিরাপত্তা এবং আন্তর্জাতিক নৌপথ সুরক্ষিত রাখার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়ানোর প্রচেষ্টায় সমর্থন পুনর্ব্যক্ত করেন তারা।

এদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন। সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, পুরো অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অব্যাহত সমন্বয় ও পরামর্শের গুরুত্ব তুলে ধরেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়ে যাওয়ার পর এসব ফোনালাপ হয়েছে। সাম্প্রতিক এ পরিস্থিতি দুই দেশের দীর্ঘদিনের বৈরিতা নিরসনে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা অবস্থায় হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলার পর নতুন সংকটের সূত্রপাত হয়। এর জবাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

পরে আত্মরক্ষার কথা জানিয়ে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। পাল্টাপাল্টি এসব হামলার পর উপসাগরীয় অঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মিশর ও কাতার উভয় পক্ষকে আবার সংলাপে ফেরার আহ্বান জানিয়েছে। বৃহত্তর সমঝোতার ভিত্তি হিসেবে চলতি বছরের শুরুতে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের কথাও বলেছে দেশ দুটি।

অন্যদিকে পাকিস্তান উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা অব্যাহত রাখার প্রস্তাব দিয়েছে দেশটি।

শুক্রবার ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। তবে সর্বশেষ পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে বলেও জানান তিনি।

সৌদি আরব ধারাবাহিকভাবে সংযম, সংলাপ ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে আসছে। দেশটি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি আন্তর্জাতিক নৌপথ, বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন করিডোর হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে।

This post was viewed: 23

আরো পড়ুন