Ridge Bangla

১০০ বছর বয়সে এমি মনোনয়ন, ইতিহাস গড়লেন ডেভিড অ্যাটেনবারো

১০০ বছর বয়সে নতুন ইতিহাস গড়লেন কিংবদন্তি সম্প্রচারক, প্রকৃতিবিদ ও চলচ্চিত্র নির্মাতা স্যার ডেভিড অ্যাটেনবারো। প্রাইমটাইম এমি পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে মনোনয়ন পাওয়া ব্যক্তি হিসেবে রেকর্ড গড়েছেন তিনি।

এবার ১টি নয়, দুটি আলাদা প্রামাণ্যচিত্রের জন্য সেরা ধারাভাষ্যকার বিভাগে মনোনয়ন পেয়েছেন শতবর্ষী অ্যাটেনবারো।

গত ৮ মে ১০০ বছরে পা দেন তিনি। নেটফ্লিক্সের ‘এ গরিলা স্টোরি: টোল্ড বাই ডেভিড অ্যাটেনবারো’ এবং ন্যাশনাল জিওগ্রাফিকের ‘ওশান উইথ ডেভিড অ্যাটেনবারো’ প্রামাণ্যচিত্রে ধারাভাষ্যের জন্য ৭৮তম প্রাইমটাইম এমি পুরস্কারে মনোনয়ন পেয়েছেন অ্যাটেনবারো।

আন্তর্জাতিক গণমাধ্যম ডেডলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই রেকর্ড গড়ার পথে কিংবদন্তি টেলিভিশন প্রযোজক নরম্যান লিয়ারের আগের রেকর্ড ভেঙেছেন অ্যাটেনবারো।

২০২২ সালে এমি পুরস্কারে মনোনয়ন পাওয়ার সময় লিয়ারের বয়স ছিল ৯৯ বছর ১১ মাস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তিনি ১০০ বছরে পা রাখলেও মনোনয়নের সময়কার বয়স বিবেচনায় অ্যাটেনবারো এখন আনুষ্ঠানিকভাবে এমির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী মনোনীত ব্যক্তি।

তবে এমির মঞ্চে অ্যাটেনবারোর স্বীকৃতি এবারই প্রথম নয়। এর আগে ৩ বার সেরা ধারাভাষ্যকারের পুরস্কার জিতেছেন তিনি। সর্বশেষ ২০২০ সালে এ বিভাগে পুরস্কার পান এই প্রকৃতিবিদ।

আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে আয়োজিত ক্রিয়েটিভ আর্টস এমি পুরস্কার অনুষ্ঠানে সেরা ধারাভাষ্যকার ও সেরা তথ্যচিত্র বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

অন্যদিকে প্রাইমটাইম এমি পুরস্কারের মূল অনুষ্ঠান আগামী ১৪ সেপ্টেম্বর সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে।

১০০ বছর বয়সে ইতিহাস গড়ে মনোনয়ন পাওয়ার পর এখন স্যার ডেভিড অ্যাটেনবারো তার দীর্ঘ কর্মজীবনে আরও একটি এমি পুরস্কার যুক্ত করতে পারেন কি না, সেদিকেই নজর বিনোদন বিশ্বের।

This post was viewed: 5

আরো পড়ুন