Skip to main content

Ridge Bangla

১৫ জুলাই পর্যন্ত বন্ধ বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

ভারী বর্ষণ, পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকিতে বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সময়সীমা আরও ৩ দিন বাড়িয়েছে জেলা প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ জুলাই পর্যন্ত এসব স্থানে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকবে।

শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা তৃতীয় জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়েছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় গত ৮ জুলাই জারি করা জরুরি বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি পথ, নদীপথ, দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটকদের যাতায়াত বন্ধ থাকবে। এ সময় পর্যটন পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও চালানো যাবে না।

একই সঙ্গে সাধারণ মানুষকে এসব এলাকায় যাতায়াত না করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশনা অনুসরণের অনুরোধ জানানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

এর আগে শুক্রবার পর্যন্ত বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল।

This post was viewed: 20

আরো পড়ুন