Ridge Bangla

১৩ উপজেলায় নতুন ১০১ শয্যার হাসপাতাল, ৪১৮ স্বাস্থ্য কমপ্লেক্সও হবে উন্নীত

দেশের ১৩টি উপজেলায় নতুন করে ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারিত ও শক্তিশালী করা যায়।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়েছে, ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা এবং নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি পাওয়া গেছে।

এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প প্রণয়ন এবং প্রয়োজনীয় জনবল সৃষ্টির প্রস্তাব পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া বিদ্যমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর শয্যা বৃদ্ধি এবং নতুন ১৩টি উপজেলায় হাসপাতাল স্থাপনের কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

বর্তমানে দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ থেকে ৫০টি শয্যার ব্যবস্থা রয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন