দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৯ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৫০ জনে পৌঁছেছে। শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এ সময়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
একই সময়ে ১২৮ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯০১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে মোট ১৩ হাজার ৩২৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৮৯৯ জনে।
এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৮৩২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮৯ হাজার ২৩৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।