প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই ওয়েব পোর্টালে চলে যাওয়ার ঘটনায় সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (১০ জুলাই) মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফল যথাযথ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রকাশের আগে ওয়েব পোর্টালে আপলোড করার সময় প্রয়োজনীয় নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হয়নি। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর অনুচ্ছেদ ১২(১) অনুযায়ী অসদাচরণের অভিযোগে মো. মেহতাব কায়েসকে ৯ জুলাই থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।
জানা গেছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল বৃহস্পতিবার (৯ জুলাই)। তবে কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত দিনে ফল প্রকাশ করা সম্ভব হয়নি।
এর মধ্যেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাফলের খণ্ডিত অংশ ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষক ও অভিভাবক ওই তথ্যের ভিত্তিতে শিক্ষার্থী ও সন্তানদের অভিনন্দনও জানান। পরে ফলাফলটি প্রকৃত নাকি ভুয়া- এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।
ঘটনাটি নিয়ে দিনভর আলোচনা-সমালোচনার পর রাতে সরকার একটি বিবৃতি দেয় এবং বিষয়টি তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করে। এরপর অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়।