সরকার প্রশাসনে কর্মরত ১৭২ জন উপসচিবকে একযোগে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যুগ্মসচিব পদে উন্নীত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অথবা অনলাইনে ই-মেইল (sa1@mopa.gov.bd) ঠিকানায় যোগদানপত্র জমা দিতে পারবেন।
এতে উল্লেখ করা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল পরিবর্তিত হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তা বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী এই পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
পদোন্নতি পাওয়া ১৭২ জন কর্মকর্তার তালিকা প্রজ্ঞাপনের সঙ্গে প্রকাশ করা হয়েছে।