Ridge Bangla

বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজায়ন অপরিহার্য: প্রধানমন্ত্রী

বর্তমান ও আগামী প্রজন্মের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে সবুজায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাস্তুতন্ত্রের নিরাপদ সংরক্ষণ ও বিকাশের সঙ্গে মানবসমাজের টেকসই উন্নয়ন ও নিরাপদ জীবনযাপন নিবিড়ভাবে সম্পর্কিত। তার ভাষায়, আজকের পরিবেশ মেলা ও বৃক্ষমেলার আয়োজন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান ও আগামী প্রজন্মের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সবুজায়ন জরুরি। একটি সন্তান জন্মগ্রহণ করলে, আসুন আমরা একটি করে গাছ লাগানোর মধ্যদিয়ে প্রতিটি প্রাণের জন্মকে উদ্‌যাপন করি, স্মরণীয় করে রাখি। একজন নবজাতকের পাশাপাশি একটি গাছও বেড়ে উঠুক। এভাবেই এগিয়ে যাক সবুজায়নের জন্য সামাজিক আন্দোলন।

বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ উদ্যোগ বাস্তবায়ন করা গেলে ধীরে ধীরে একটি স্বাস্থ্যকর বসতি গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, পরিবেশকর্মীসহ সবার অংশগ্রহণে ইনশাআল্লাহ এই বাংলাদেশে একটি সবুজ বসতি গড়ে তুলতে সক্ষম হবো।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, সামাজিক পর্যায়ে সবুজায়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় সরকারও নানা কর্মসূচি হাতে নিয়েছে। তিনি জানান, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ, এনভায়রনমেন্ট স্টার্টআপ ফান্ডসহ আরও কয়েকটি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, সরকারের এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

এর আগে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক-২০২৫, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৬ এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫ বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। পাশাপাশি সামাজিক বনায়নের শ্রেষ্ঠ উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করেন।

This post was viewed: 3

আরো পড়ুন