Ridge Bangla

অপতথ্য প্রতিরোধে মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদেশ

ডিজিটাল যুগে ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ বিষয়ে দুই দেশের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী সরকারের গণমাধ্যম ব্যবস্থাপনা-সংক্রান্ত নীতি ও চলমান কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি বলেন, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় ভুলতথ্য ও অপতথ্য প্রতিরোধে যৌথ উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

জহির উদ্দিন স্বপন দুই দেশের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহের কথাও তুলে ধরেন।

এ সময় মিশরের রাষ্ট্রদূত বাংলাদেশ ও মিশরের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, এ সম্পর্ক আরও শক্তিশালী করতে তার দেশ বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।

তিনি দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন।

This post was viewed: 3

আরো পড়ুন