Ridge Bangla

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা, উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন উভয় পক্ষ। একই সঙ্গে দুই দেশের প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্বকে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য চীনে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

প্রথাগত সামরিক সহযোগিতার পাশাপাশি সাইবার নিরাপত্তা জোরদারে যৌথ উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন উভয় পক্ষ। এ ছাড়া বৈশ্বিক ও আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের অবকাঠামো ও প্রতিরক্ষা খাতে চীনের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন।

অন্যদিকে, চীনের রাষ্ট্রদূত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকারের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

This post was viewed: 3

আরো পড়ুন