Ridge Bangla

ইরানের সঙ্গে সংঘাত শেষ হয়নি, আরও অভিযানের ইঙ্গিত নেতানিয়াহুর

ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার (৯ জুলাই) তিনি এ বক্তব্য দেন। একই সঙ্গে ইসরায়েলের সেনাপ্রধানও জানিয়েছেন, সামনে আরও বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার সম্ভাবনা রয়েছে।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হাতজেরিম বিমানঘাঁটিতে বিমানবাহিনীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু বলেন, ‘যুদ্ধ এখনও শেষ হয়নি। সামনে নতুন চ্যালেঞ্জ রয়েছে।’ ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ এ তথ্য প্রকাশ করেছে।

নেতানিয়াহুর ভাষ্য, ‘আকাশে আধিপত্য বজায় রাখা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা নীতির অন্যতম ভিত্তি। অস্থির মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ধরে রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

প্রসঙ্গত, হরমুজ প্রণালিতে ৩টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। এতে দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ৩ হাজারের বেশি মানুষ নিহত হন। এর জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা থাকা দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামিরও জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ হয়নি। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘নতুন পরিকল্পনা প্রস্তুত রয়েছে। সামনে আরও বড় ধরনের সামরিক অভিযান হতে পারে। প্রস্তুত থাকুন।’

একই ধরনের অবস্থানের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালাতে প্রস্তুত রয়েছে দেশটির সেনাবাহিনী।

তার ভাষ্য, ‘সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। আকাশে আবারও আধিপত্য প্রতিষ্ঠা এবং প্রয়োজন হলে দ্বিতীয় বা তৃতীয়বারও ইরানে হামলা চালিয়ে হুমকি দূর করতে আমরা প্রস্তুত।’

এর আগে গত ১৭ জুন পাকিস্তরের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে পৌঁছায়। এর উদ্দেশ্য ছিল দুই দেশের সামরিক সংঘাতের অবসান ঘটিয়ে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির পথ তৈরি করা।

তবে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ওই সমঝোতা কার্যত শেষ হয়ে গেছে। এর পরই নতুন করে দুই পক্ষের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়।

This post was viewed: 3

আরো পড়ুন