Ridge Bangla

মাশহাদে দাফন সম্পন্ন আয়াতুল্লাহ আলি খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে বৃহস্পতিবার (৯ জুলাই) তার জন্মভূমি মাশহাদে দাফন করা হয়েছে। শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র স্থান ইমাম রেজা মাজারে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, দুপুরের পর থেকেই মাশহাদের প্রধান সড়ক ও অলিগলিতে মানুষের ঢল নামে। পরে একটি সুসজ্জিত ট্রাকে করে বিপুল জনসমাগমের মধ্য দিয়ে খামেনির কফিন ইমাম রেজা মাজারে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির সময় গত শুক্রবার (৩ জুলাই) থেকে খামেনির স্মরণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ও দাফনসংক্রান্ত আনুষ্ঠানিকতা শুরু করে ইরান। তবে এই কর্মসূচির মধ্যেই গত মঙ্গলবার (৭ জুলাই) ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। প্রায় ৪ ঘণ্টার ওই অভিযানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

মার্কিন হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী জানায়, বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের ৮৫টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা সৃষ্টি হলেও খামেনির শেষ বিদায়ের কর্মসূচি অব্যাহত থাকে। ইরানের পবিত্র শহর কোমে শোকযাত্রা শেষে মঙ্গলবার রাতেই তার মরদেহ ইরাকের নাজাফ শহরে নেওয়া হয়।

নাজাফে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং খামেনির বড় ছেলে মোস্তাফা হোসেইনি খামেনির উপস্থিতিতে ইরাকি কর্মকর্তা ও জ্যেষ্ঠ রাজনীতিকরা কফিন গ্রহণ করেন। এরপর বুধবার (৮ জুলাই) সেখানে শোকযাত্রা অনুষ্ঠিত হয়।

নাজাফের কর্মসূচি শেষে খামেনির মরদেহ প্রায় ৬০ কিলোমিটার দূরের কারবালায় নেওয়া হয়। সেখানে ইমাম হোসেনের মাজার এবং আল-আব্বাসের মাজারে আরেকটি শোকযাত্রার আয়োজন করা হয়।

এদিকে শোকযাত্রা চলাকালেই বুধবার (৮ জুলাই) রাতে ইরানে আবারও হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে পাল্টা হামলা চালায় ইরান। ওই পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার ইরাক থেকে খামেনির মরদেহ ইরানে ফিরিয়ে এনে মাশহাদে দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

This post was viewed: 3

আরো পড়ুন