Ridge Bangla

আমিরাতে লটারিতে বাংলাদেশি প্রবাসীর ৩ কোটির বেশি টাকা জয়

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি ‘বিগ টিকিট’-এর ২৮৮তম সিরিজে সান্ত্বনা পুরস্কার জিতে ভাগ্য বদলেছে বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ আতিক হাসানের। তিনি পেয়েছেন ১ মিলিয়ন আমিরাতি দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ২০ লাখ টাকার বেশি। এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

এবারের ড্র-তে আতিক হাসানের পাশাপাশি আরও ৪ জন ভারতীয় প্রবাসীও প্রত্যেকে ১ মিলিয়ন দিরহাম করে জিতেছেন। সব মিলিয়ে এই পর্বে ৫ মিলিয়ন দিরহাম, অর্থাৎ প্রায় ১৬ কোটি টাকার সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয়েছে। বাংলাদেশি প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে আতিকের এই জয়। তার ৩৫৯৬৮৫ নম্বর টিকিটটি তাকে এই পুরস্কার এনে দিয়েছে।

এই ড্র-তে আরও কয়েকজন দীর্ঘদিনের অপেক্ষার পর বিজয়ী হয়েছেন। বিমানবন্দরে কর্মরত ৩২ বছর বয়সী প্রবাসী অখিল এনবি বন্ধুদের সঙ্গে জীবনে প্রথমবারের মতো বিগ টিকিটের লটারি কিনেই ১ মিলিয়ন দিরহাম জিতেছেন। তিনি জানিয়েছেন, পুরস্কারের অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করবেন।

অন্যদিকে কেরালার প্রবাসী উপেন্দ্রন সিজু গত ২০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। তিনি ৯ বছর ধরে প্রতি মাসে ২০ সদস্যের একটি দলের সঙ্গে লটারির টিকিট কিনে আসছিলেন। অবশেষে ৯ বছর পর তাদের ভাগ্যে এই পুরস্কার ধরা দিয়েছে।

একইভাবে তেল ও গ্যাস খাতের তত্ত্বাবধায়ক শিবপ্রসাদ রবীন্দ্রন ১২ বছর ধরে ২৭ জনের একটি দলের সঙ্গে নিয়মিত লটারির টিকিট কিনছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া এই অর্থ দিয়ে তিনি দেশে থাকা মেয়ের পড়াশোনার খরচ বহন এবং পরিবারের স্বপ্ন পূরণ করতে চান। ল্যান্সী প্যারিস নামের আরেক ভারতীয় প্রবাসীও এবার ১ মিলিয়ন দিরহাম জিতেছেন।

জুলাই মাসের বিশেষ এই প্রচারণা এখনও শেষ হয়নি। আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া সরাসরি ড্র-তে ২০ মিলিয়ন দিরহামের মেগা জ্যাকপট বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়া সান্ত্বনা পুরস্কারের পাশাপাশি বিলাসবহুল মাসেরাতী গ্রেকিল ও ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি জয়ের সুযোগও থাকছে।

আগ্রহীরা বিগ টিকিটের সরকারি ওয়েবসাইট এবং আবুধাবি ও আল আইনের নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে লটারির টিকিট সংগ্রহ করতে পারবেন।

This post was viewed: 5

আরো পড়ুন