Ridge Bangla

ইরানের প্রতিটি হামলার জবাবে ২০ গুণ শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যতবার হামলা চালাবে, যুক্তরাষ্ট্র তার প্রতিক্রিয়ায় ২০ গুণ বেশি শক্তি প্রয়োগ করবে। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা এখন তার কাছে ‘সময়ের অপচয়’ বলে মনে হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (৮ জুলাই) রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব মন্তব্য করেন। এ সময় তিনি আবারও দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই জয়ী হয়েছে।

ট্রাম্প বলেন, ‘ইরানের হাতে খুব বেশি কিছু অবশিষ্ট নেই। তারা একটি চুক্তি করতে চায়। কিন্তু তারা চুক্তির যোগ্য কি না, কিংবা চুক্তি মেনে চলবে কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে।’

ইরান যদি সত্যিই সমঝোতা চায়, তাহলে তারা কেন বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে তারা কিছুটা উন্মাদ। তাদের আচরণও তেমনই মনে হচ্ছে। তারা কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবে তারা খুব করেই একটি চুক্তি করতে চায়।’

তিনি আরও বলেন, ‘আমরা তাদের ওপর খুব কঠোর হামলা চালিয়েছি। তারা যতবার আমাদের ওপর হামলা চালাবে, আমরা তার জবাবে ২০ গুণ বেশি শক্তি দিয়ে হামলা চালাব।’

যুক্তরাষ্ট্র আবারও ইরানের সঙ্গে পূর্ণমাত্রার সামরিক সংঘাতে জড়াতে যাচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি জানি না। আমাদের জয়ের অনেক উপায় আছে। তবে সামরিকভাবে আমরা ইতোমধ্যেই জয়ী হয়েছি।’

আল জাজিরার ওয়াশিংটন প্রতিনিধি কিম্বারলি হ্যালকেটের মতে, ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে তিনি বর্তমানে কূটনৈতিক উদ্যোগকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের সঙ্গে আলোচনা এখন তার কাছে ‘সময়ের অপচয়’।

তবে তিনি বলেন, তার উপদেষ্টা জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ ভবিষ্যতে আলোচনার কোনো সম্ভাবনা দেখলে তিনি তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং প্রয়োজন হলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প নিজে কোনো সরাসরি আলোচনায় অংশ নেননি। একই সঙ্গে তিনি মনে করেন, ভবিষ্যতে নতুন কোনো চুক্তি হলেও ইরান তা মেনে চলবে- এমন বিশ্বাস তার আর নেই।

This post was viewed: 3

আরো পড়ুন