Skip to main content

Ridge Bangla

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, একজন খালাস

জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। মামলার অপর এক আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন পাপ্পু, বিজু, বাদশা, জুয়েল, আশরাফুল, জসিম ও আসমত। খালাস পাওয়া আসামি ইদ্রিস আলী। তারা সবাই জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে রাত ১২টার দিকে ভুক্তভোগী গৃহবধূ শেরপুর জেলার ঝগড়ারচর বাজার থেকে ইদ্রিস আলীর ইজিবাইকে করে বকশীগঞ্জের জানকিপুর এলাকায় তার ভাড়া বাসার উদ্দেশ্যে রওনা হন।

পথে ইজিবাইক থামিয়ে আসামিরা ওই গৃহবধূকে একটি ভ্যানে তুলে নেয়। পরে তাকে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া উত্তরপাড়ায় ফরিদ নামে এক ব্যক্তির পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়।

ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩ থেকে ৪ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে চলতি বছরের ১৫ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে ৯ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. ফজলুল হক এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. মোকাম্মেল হক।

This post was viewed: 26

আরো পড়ুন