Skip to main content

Ridge Bangla

খামেনির জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ, ‘নতুন সমীকরণ’-এর কথা বলছে ইরান

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও শোক র‍্যালিতে গত দুই দিনে তেহরানে লাখ লাখ মানুষের অংশগ্রহণকে দেশের জন্য ‘নতুন সমীকরণ’ হিসেবে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের যুলকাদর।

সোমবার (৬ জুলাই) তেহরানে আয়োজিত শোক র‍্যালিতে অংশ নিয়ে তিনি বলেন, শহীদ নেতার রক্তের প্রতিশোধের দাবিতে লাল পতাকা হাতে বিপুল মানুষের উপস্থিতি ও স্লোগান শত্রুপক্ষের প্রতি স্পষ্ট বার্তা বহন করেছে।

মোহাম্মদ বাকের যুলকাদর বলেন, “পর্যবেক্ষকেরা আজ লক্ষ্য করেছেন যে তেহরানে একটি নতুন সমীকরণ তৈরি হয়েছে। এই জনসমাগম বিদেশি হুমকির মুখে ইরানিদের ঐক্য ও সংহতির পাশাপাশি ইসলামী বিপ্লবের মূল্যবোধ ও আদর্শ রক্ষার দৃঢ় সংকল্পকেও তুলে ধরেছে।”

স্থানীয় সময় সোমবার সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোক র‍্যালি শুরু হয়। এর আগে দুই দিন ধরে ওই কমপ্লেক্সে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হয়েছিল।

আয়োজকদের ভাষ্য, পুরো শোক র‍্যালি শেষ হতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে। র‍্যালিটি দামাভান্দ স্ট্রিট, ইমাম হুসেন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার এবং মেহরাবাদ বিমানবন্দরের পাশের শহীদ লাশগরি হাইওয়ে হয়ে প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করবে।

এর আগে রোববার ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বদের একজন আয়াতুল্লাহ জাফর সোবহানী শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তার জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, তার মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, তার ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনির জানাজার নামাজে ইমামতি করেন।

প্রেস টিভির তথ্য অনুযায়ী, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান ও তুরস্কসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া বিভিন্ন দেশের প্রতিনিধিদলও এ উপলক্ষে তেহরানে উপস্থিত হয়েছে।

সূচি অনুযায়ী, মঙ্গলবার পবিত্র কোম শহরে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বুধবার মরদেহ ইরাকের নজফে ইমাম আলীর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.)-এর মাজার ও হযরত আব্বাসের মাজারে নেওয়া হবে। খামেনির ইচ্ছা অনুযায়ী আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

This post was viewed: 18

আরো পড়ুন