Skip to main content

Ridge Bangla

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি অভিবাসী

বাংলাদেশ দূতাবাস, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।

প্রত্যাবাসিতদের বহনকারী বুরাক এয়ারের একটি ফ্লাইট মঙ্গলবার সকাল ৫টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ১১১ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে এবং ৬৩ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

দেশে ফেরার আগে ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিতদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। তিনি তাদের বিদায় জানান এবং প্রত্যাবাসন কার্যক্রমে সহযোগিতার জন্য লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

প্রত্যাবাসনের সময় রাষ্ট্রদূত অভিবাসীদের উদ্দেশে প্রি-ডিপার্চার ব্রিফিং দেন। এ সময় তিনি তাদের অভিজ্ঞতার কথা শোনেন এবং দেশে ফেরার পর করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে নতুনভাবে জীবন শুরু করার আহ্বান জানান।

তিনি অনিয়মিত অভিবাসনের কারণে সৃষ্ট দুর্ভোগ, আর্থিক ক্ষতি ও মানসিক ভোগান্তির বিষয়গুলো অন্যদের সামনে তুলে ধরে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি বৈধ ও নিয়মিত উপায়ে বিদেশে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত আরও বলেন, মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সহযোগিতা করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দেওয়ার ক্ষেত্রেও প্রত্যাবাসিতদের এগিয়ে আসা উচিত।

This post was viewed: 18

আরো পড়ুন