Ridge Bangla

নিউমার্কেটে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, ২৫ মামলায় ৪০ হাজার টাকা জরিমানা

রাজধানীর নিউমার্কেট এলাকায় ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ২৫টি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নিউমার্কেট ট্রাফিক জোনের আওতাধীন নীলক্ষেত ক্রসিং, কাঁটাবন ক্রসিং হয়ে হাতিরপুল বাজার পর্যন্ত এলাকায় অবৈধ দখল উচ্ছেদ, সড়কের প্রতিবন্ধকতা অপসারণ এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, শাহবাগ ও নিউমার্কেট থানা পুলিশ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা যৌথভাবে অংশ নেন।

নিয়াজ মেহেদী জানান, অভিযানের সময় রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ২০০টি অবৈধ স্থাপনা ও বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। পাশাপাশি ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯২ ধারায় ২৫টি মামলা দিয়ে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, ট্রাফিক আইন অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ৬০টি ভিডিও মামলা করা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন, সড়কের ওপর যানবাহন পার্কিং করে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং অনুমোদন ছাড়াই পরিচালিত মোটরযান মেরামতের গ্যারেজগুলোকেও কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন