Ridge Bangla

টানা বর্ষণ ও জোয়ারে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা দুই দিনের ভারী বৃষ্টি এবং জোয়ারের পানির প্রভাবে চট্টগ্রাম নগরের বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলের প্রবল বর্ষণের পর মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, কাপাসগোলাসহ বিভিন্ন এলাকার সড়ক হাঁটুসমান পানিতে তলিয়ে যায়। এতে নগরবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বৃষ্টি শুরু হওয়ার পর অল্প সময়ের মধ্যেই মুরাদপুর ও বহদ্দারহাট এলাকার রাস্তায় পানি জমে যায়। অফিস শেষে বাড়ি ফেরা মানুষকে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হয়। একই সঙ্গে বিভিন্ন সড়কে যানবাহনের সংকট দেখা দেয় এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও ওঠে।

কাতালগঞ্জ এলাকার বাসিন্দা মো. সালমান বলেন, “সামান্য বৃষ্টিতেই আমাদের বাসার নিচতলা ও রাস্তায় পানি জমে যায়। আজ সন্ধ্যায় সন্তানকে হাসপাতাল থেকে বাসায় নিতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছি।”

বহদ্দারহাটের বাসিন্দা ও সরকারি কর্মকর্তা হেফাজুতুল ইসলাম বলেন, “অফিস শেষে বাসায় ফেরার পথে রাস্তায় হাঁটুসমান পানি পেয়েছি। রিকশা পাওয়া দুষ্কর, পেলেও ভাড়া দাবি করছে দ্বিগুণ। জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া যেন এখন ভাগ্যের ব্যাপার।”

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত আরও অব্যাহত থাকতে পারে। এ কারণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পানি নিষ্কাশনের কাজ চলমান রয়েছে। বৃষ্টির পরিমাণ কমে এলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। তবে বর্তমানে জলাবদ্ধতার কারণে নগরবাসীর দৈনন্দিন দুর্ভোগ বেড়ে গেছে।

This post was viewed: 6

আরো পড়ুন