Skip to main content

Ridge Bangla

চাকরি ছাড়তে চাওয়ায় লক্ষ্মীপুরে কর্মচারীকে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুরে কর্মস্থলে দেরিতে আসাকে কেন্দ্র করে মো. সোহাগ নামে এক কর্মচারীকে লোহার জিআই পাইপ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে দোকান মালিক কবির হোসেনের বিরুদ্ধে। অভিযোগ, চাকরি ছেড়ে দেওয়ার কথা বলায় ক্ষুব্ধ হয়ে তাকে আরও বেশি মারধর করা হয়।

সোমবার (৬ জুলাই) রাত ৮টার দিকে কবির হোসেন সাংবাদিকদের কাছে সোহাগকে মারধরের বিষয়টি স্বীকার করেন।

আহত সোহাগ বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার লামচরী এলাকার আব্দুল মালেকের ছেলে এবং শহরের ঝুমুর এলাকার বিসমিল্লাহ মিষ্টি বাজারে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত।

সোহাগ জানান, সোমবার বেলা ১১টার দিকে ব্যক্তিগত সমস্যার কারণে কর্মস্থলে দেরিতে পৌঁছান। এ নিয়ে দোকান মালিক তার সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তিনি চাকরি ছেড়ে দেওয়ার কথা জানালে কবির হোসেন, তার এক ভাতিজা এবং আরেক কর্মচারী মিলে জিআই পাইপ দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন।

তিনি বলেন, “সমস্যা থাকার কারণে দোকানে আসতে আমার দেরি হয়। এ নিয়ে কবির আমাকে উল্টাপাল্টা কথা বলেন। পরে আমি চাকরি ছেড়ে দেওয়ার কথা বলি। এ সময় কবির, তার ভাতিজা ও এক কর্মচারী মিলে আমাকে জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়েছেন। আমার হাত-পায়ে আঘাত করেছেন তারা।”

কান্নাজড়িত কণ্ঠে সোহাগের বাবা আব্দুল মালেক বলেন, “আমি কখনো সোহাগকে একটি ফুলের টোকাও দিইনি। কিন্তু কবির আমার ছেলেকে বেদম পিটিয়েছে। আমার ছেলে এখন হাসপাতালে শুয়ে আছে।”

অভিযোগের বিষয়ে দোকান মালিক কবির হোসেন বলেন, সোহাগ নিয়মিত দেরিতে কর্মস্থলে আসতেন। সোমবারও দেরি করে আসার কারণ জানতে চাইলে তিনি চাকরি ছেড়ে দেওয়ার কথা বলেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি তাকে মারধর করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশকে এখনো কেউ অবহিত করেনি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 22

আরো পড়ুন