দেশে সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার জুন মাসে কমে ৯ দশমিক ১৬ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাস মে-তে এ হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।
সোমবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ০৪ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৬০ শতাংশে নেমে এসেছে, যেখানে মে মাসে এ হার ছিল ৯ দশমিক ০৬ শতাংশ। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও ৯ দশমিক ৭১ শতাংশ থেকে কমে ৯ দশমিক ৬১ শতাংশে দাঁড়িয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, দেশের ৬৪টি জেলা থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে জুন মাসের ভোক্তা মূল্যসূচক প্রস্তুত করা হয়েছে।
গ্রামীণ এলাকায় জুন মাসে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৯ দশমিক ২৩ শতাংশে নেমে এসেছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৪৮ শতাংশ। এ সময় খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৫ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৫২ শতাংশে দাঁড়িয়েছে। একই সঙ্গে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৯৮ শতাংশ থেকে কমে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে।
শহরাঞ্চলেও মূল্যস্ফীতি নিম্নমুখী হয়েছে। জুন মাসে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ০১ শতাংশ, যা মে মাসে ছিল ৯ দশমিক ২৫ শতাংশ। শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ২৯ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৭৬ শতাংশে এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ২৪ শতাংশ থেকে কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে।
এদিকে, ১২ মাসের চলমান গড় মূল্যস্ফীতিও কমার ধারায় রয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এ হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ। এর আগের বছরের একই সময়ে, অর্থাৎ ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ১২ মাসের চলমান গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ০৩ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, জুন মাসে জাতীয় মজুরি হার বৃদ্ধির পয়েন্ট-টু-পয়েন্ট হার ৮ দশমিক ১৮ শতাংশে দাঁড়িয়েছে। মে মাসে এ হার ছিল ৮ দশমিক ২১ শতাংশ।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, জুন মাসের মজুরি হার সূচকও দেশের ৬৪টি জেলার সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে।