অক্টোবরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে দ্রুত সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
সোমবার (৬ জুলাই) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ কাজে গণমাধ্যমের সহযোগিতাও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বর্তমানে সিটি করপোরেশনগুলোতে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা পর্যায় থেকে শুরু হতে পারে বলেও আভাস দেন তিনি।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করতে কমিশন কাজ করছে।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করা এবং সীমানা নির্ধারণের বিষয়ে সরকারের কাছে শিগগিরই চিঠি পাঠানো হবে। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।