Ridge Bangla

গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের আমন্ত্রণ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়।

সোমবার (৬ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকের পর মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রীকে ২০২৭ সালের জুনে অনুষ্ঠিতব্য তৃতীয় গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়া এবং সেখানে মূল প্রবন্ধ উপস্থাপনের আমন্ত্রণ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ সফরের সময় প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে উদ্যোগের আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালায়ন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে পাঠানো একটি অভিনন্দনপত্রও হস্তান্তর করেন রাষ্ট্রদূত। এতে ড. খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়।

এ সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। দুই পক্ষ ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক পর্যালোচনা করেন।

এছাড়া প্রস্তাবিত বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন বিজনেস ফোরাম ২০২৭, আসন্ন উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগ, বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও মতবিনিময় হয়।

বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন উভয় পক্ষ।

শেষে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের অংশীদারিত্ব ভবিষ্যতে আরও শক্তিশালী করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন দুই পক্ষ।

This post was viewed: 6

আরো পড়ুন