Ridge Bangla

বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলারডুবি, নিখোঁজ ৬ জেলের সন্ধানে উদ্ধার অভিযান

বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ হয়েছেন। একই ঘটনায় ট্রলারে থাকা ১১ জনের মধ্যে ৫ জন সাঁতরে পাশের একটি ট্রলারে উঠে প্রাণে রক্ষা পান। নিখোঁজ ও উদ্ধার হওয়া সবাই পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা।

রোববার (৫ জুলাই) রাত প্রায় ১০টার দিকে পায়রা সমুদ্রবন্দরের ১ নম্বর বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ৫ জেলেকে অন্য একটি ট্রলারে করে গলাচিপায় ফিরিয়ে আনা হচ্ছে। তবে বৈরী আবহাওয়ার কারণে তারা এখনো তীরে পৌঁছাতে পারেননি। সোমবার বিকেলে সমুদ্রে মোবাইল নেটওয়ার্ক পাওয়ার পর তারা গলাচিপা থানায় দুর্ঘটনার বিষয়টি জানান।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পাওয়ার পর জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিখোঁজরা হলেন দক্ষিণ পানপট্টি গ্রামের মো. হারুন হাওলাদার, পানপট্টি গ্রামের মো. এমাদুল, গজালিয়া ইউনিয়নের ইচাদী গ্রামের মো. ফোরকান, মো. সায়েম ও মো. আল আমিন এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মো. আকাশ।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার পানপট্টি ইউনিয়নের বাসিন্দা মো. এমাদুল সিকদারের মালিকানাধীন ট্রলারটি ১১ জন জেলেকে নিয়ে গভীর সাগরে ইলিশ শিকারে যায়। রোববার রাতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে গেলে পাশের একটি ট্রলারের জেলেরা ৫ জনকে উদ্ধার করতে সক্ষম হন। তবে বাকি ৬ জন তখন থেকে নিখোঁজ রয়েছেন।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক জানান, উদ্ধার হওয়া জেলেদের সঙ্গে প্রশাসনের কথা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে প্রশাসন, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন