Skip to main content

Ridge Bangla

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, আহত মেয়ে

বরগুনার সদর উপজেলায় চার্জে থাকা অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন বড় মেয়ে।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের ডালভাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ডালভাঙা এলাকার আব্দুর রশিদের ছেলে মো. বেল্লাল (৪৫) এবং তার স্ত্রী মোসা. কমলা (৪০)। আহত মেয়ের নাম মোসা. আরিফা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়িতে নতুন একটি গরুর খামার নির্মাণের কাজ করছিলেন বেল্লাল। নির্মাণকাজ শেষ পর্যায়ে থাকায় টিন কিনতে অটোরিকশা নিয়ে বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় চার্জে থাকা অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

বেল্লালকে উদ্ধার করতে এগিয়ে গেলে তার স্ত্রী কমলা ও মেয়ে আরিফাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তিনজনকে উদ্ধার করেন। এরপর তাদের বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেল্লাল ও কমলাকে মৃত ঘোষণা করেন। আহত আরিফাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত বেল্লালের প্রতিবেশী মোসা. ফিরোজা বলেন, সকালে চার্জে থাকা অটোরিকশার কাছে গিয়ে প্রথমে বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী ও মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বেল্লালের দুলাভাই মো. কবির বলেন, খবর পেয়ে হাসপাতালে এসে তিনি বেল্লাল ও কমলার মৃত্যুর বিষয়টি জানতে পারেন। তবে তাদের বড় মেয়ে চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ রয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অপূর্ব কুমার চৌধুরী জানান, সকালে দুজনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার বিষয়টি জানার পর পুলিশকে অবহিত করা হয়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

This post was viewed: 18

আরো পড়ুন