সীতাকুণ্ডকেন্দ্রিক জাহাজভাঙা শিল্পকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন খাতে পরিণত করতে উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবুল মুক্তাদির।
সোমবার (৬ জুলাই) সকালে চট্টগ্রামের বিভিন্ন শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দেশের শিল্প খাতে গ্যাস সংকটের বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকার এ সমস্যা উত্তরাধিকারসূত্রে পেয়েছে। তার মতে, অল্প সময়ের মধ্যে গ্যাস উৎপাদন বাড়ানো সম্ভব নয়। তবে উৎপাদন দ্রুত বাড়াতে সরকার বিশেষ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যমান পাইপলাইন অবকাঠামোর সক্ষমতা সীমিত থাকায় এই মুহূর্তে অতিরিক্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। শুধু আমদানির ওপর নির্ভর করে এ সংকটের সমাধান হবে না। তাই দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর দিকেই সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
জাহাজভাঙা শিল্প প্রসঙ্গে খন্দকার আবুল মুক্তাদির বলেন, বাংলাদেশকে আবারও এ খাতে বিশ্বের শীর্ষ অবস্থানে নিয়ে যেতে সরকার কাজ করছে। তার ভাষ্য, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, শ্রমিকদের নিরাপত্তা এবং কর্মপরিবেশের ক্ষেত্রে আগের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে আন্তর্জাতিক মান বজায় রেখে শিল্প পরিচালনার জন্য উদ্যোক্তাদের গ্রিন সার্টিফিকেশন অর্জন করতে হবে।
পরে আয়োজিত মতবিনিময় সভায় শিপইয়ার্ড মালিকরা ব্যাংক খাতের তারল্য সংকট, এ শিল্প নিয়ে অন্তর্বর্তী সরকারের কিছু নীতিগত সিদ্ধান্ত এবং খাতটির বিভিন্ন বিদ্যমান সমস্যা তুলে ধরেন।