Ridge Bangla

ইমার্জিং দলের ক্যাম্প থেকে বাদ পড়ে আত্মহত্যার চেষ্টা নারী ক্রিকেটার ইশমার

ইমার্জিং দলের ক্যাম্পের চূড়ান্ত তালিকায় জায়গা না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় ইশমা তানজিম। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

ইশমার অভিযোগ, শারীরিকভাবে ফিট থাকার পরও ইনজুরির কারণ দেখিয়ে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে দলের ভেতরে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথাও জানান তিনি।

দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বাংলাদেশ নারী ইমার্জিং দলের অনুশীলন ক্যাম্প বর্তমানে বিকেএসপিতে চলছে। প্রথম ধাপে ২৭ জন ক্রিকেটারকে নিয়ে ক্যাম্প শুরু হয় এবং সেই তালিকায় ছিলেন ইশমাও।

পরে দ্বিতীয় ধাপের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করা হলে সেখানে জায়গা হয়নি তার। এই সিদ্ধান্তের পরই আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছেন ইশমা।

জানা গেছে, গত শুক্রবার (৩ জুলাই) আত্মহত্যার চেষ্টার পর রোববার (৫ জুলাই) তার জ্ঞান ফেরে।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে এখনো তারা অবগত নন।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, পারফরম্যান্সের মূল্যায়নের ভিত্তিতেই ইশমাকে দ্বিতীয় ধাপের ক্যাম্পে রাখা হয়নি।

This post was viewed: 7

আরো পড়ুন